২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে দেশজুড়ে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ড. শামীমা সুলতানাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে পিএসসির সদস্য পদে সানুগ্রহ নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যা আগে ঘটে, সেই কাল পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
এর আগে ২০২৪ সালের ১ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে নিয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা। ওই সময় তাঁর কক্ষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক প্রশংসার পাশাপাশি তৎকালীন প্রশাসনের তোপের মুখে পড়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিলেও ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তা বাতিল করা হয়। সংকটকালে শিক্ষার্থীদের ওয়াই-ফাই সুবিধা দেওয়া এবং নিজ কক্ষে আশ্রয় দেওয়াসহ রাজপথে সক্রিয় ছিলেন এই শিক্ষক। সাহসিকতা ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই শিক্ষক এখন সরকারি কর্ম কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব নিলেন।