জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিব্রাজক (অতিথি) পাখির জন্য নিরাপদ অভয়ারণ্য হিসেবে নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শীতের আগমনকে সামনে রেখে ক্যাম্পাসের বিভিন্ন জলাশয়ে পাখির আগমন শুরু হওয়ায় তাদের বিচরণ অক্ষুণ্ণ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিথি পাখিদের অবাধ ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। জলাশয়গুলোকে ইতোমধ্যে পাখির বাসযোগ্য হিসেবে উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
পাখিদের সুরক্ষায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল অংশীজনকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- জলাশয়ের পাড়ে বা তার কাছাকাছি কোনো প্রকার গাড়ি পার্কিং করা যাবে না।
- জলাশয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
- জলাশয়ের আশেপাশে ঢোল বাজানো, পটকা ফুটানো, হাততালি দেওয়া বা যেকোনো ধরনের উচ্চ শব্দ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
- পাখিদের কোনোভাবে ভয়ভীতি দেখানো যাবে না এবং জলাশয়ে কোনো প্লাস্টিকের পানির বোতল বা পলিথিন ফেলা যাবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করে জানায়, পাখিদের প্রতি সকলের ভালোবাসা, শুভাকাঙ্ক্ষা ও মমত্ববোধই পারে তাদের জন্য একটি প্রকৃত নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করতে। অতিথি পাখিদের সুরক্ষিত রাখতে ক্যাম্পাসের সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছে কর্তৃপক্ষ।