জাতিসংঘের মর্যাদাপূর্ণ বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ (COP31)-এ অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মো: মামুনুর রেজা।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্টালিয়া শহরে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এই ৩১তম আসর। বিশ্বের প্রায় ২০০টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে UNFCCC-এর পক্ষ থেকে একজন ‘তরুণ অবজারভার’ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। সম্মেলনটিতে যোগ দিতে দুটি উন্নয়ন সংস্থা তাঁকে আর্থিক সহায়তা প্রদান করছে। আগামী ২ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবেন।
বিশ্বমঞ্চে নিজের ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিয়ে মো: মামুনুর রেজা বলেন,
“একজন বর্তমান জাবিয়ান হিসেবে এ অর্জন শুধু আমার একার না বরং আমার বিশ্ববিদ্যালয়েরও।”
আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর তুলে ধরতে তাঁর এই অংশগ্রহণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশের জন্য অত্যন্ত গৌরবের।