যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা বিশ্লেষণ প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ৩ নভেম্বর ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এশিয়ায় তাদের অবস্থান গতবারের যৌথ ১৩২তম থেকে নেমে ১৩৬তম হয়েছে।
এবারের তালিকায় বাংলাদেশের ৫২টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। গতবার এই সংখ্যা ছিল ৪৬।
এবারের র্যাঙ্কিংয়ের সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো, দেশের শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটির সামগ্রিক স্কোর গতবারের চেয়ে বেড়েছে। তবু এর মধ্যে ছয়টি এশিয়ায় আগের অবস্থান ধরে রাখতে পারেনি। অর্থাৎ এশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের অগ্রগতি ছিল ধীর।
দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়
| দেশে | বিশ্ববিদ্যালয় | এশিয়ায় ২০২৭ | এশিয়ায় ২০২৬ | পরিবর্তন | স্কোর (২০২৬ → ২০২৭) |
|---|---|---|---|---|---|
| ১ | ঢাকা বিশ্ববিদ্যালয় | ১৩৬ | ১৩২ (যৌথ) | ▼ ৪ | ৬৩.৩ → ৬৪.৭ |
| ২ | নর্থ সাউথ ইউনিভার্সিটি | ১৪৯ (যৌথ) | ১৪৯ | অপরিবর্তিত | ৫৯.২ → ৬২.৫ |
| ৩ | বুয়েট | ১৭৯ | ১৬৫ (যৌথ) | ▼ ১৪ | ৫৬.৪ → ৫৭.৮ |
| ৪ | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | ২১৬ | ২২১ (যৌথ) | ▲ ৫ | ৪৮.২ → ৫২.২ |
| ৫ | ব্র্যাক বিশ্ববিদ্যালয় | ২৭১ | ২৬০ | ▼ ১১ | ৪৩.৭ → ৪৫.৭ |
| ৬ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ৩২৯ (যৌথ) | ৩০৪ (যৌথ) | ▼ ২৫ | ৪০.৬ → ৪১.৮ |
| ৭ | রাজশাহী বিশ্ববিদ্যালয় | ৩৪৯ (যৌথ) | ৩১২ (যৌথ) | ▼ ৩৭ | ৪০.১ → ৪০.৩ |
| ৮ | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৩৫২ (যৌথ) | ৩৩৭ (যৌথ) | ▼ ১৫ | ৩৮.১ → ৩৯.৮ |
| ৯ | খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) | ৩৭০ (যৌথ) | ৪১৪ (যৌথ) | ▲ ৪৪ | ৩৪.০ → ৩৮.৮ |
| ১০ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | ৩৭৮ (যৌথ) | ৩৭৮ (যৌথ) | অপরিবর্তিত | ৩৫.৫ → ৩৮.৪ |
সবচেয়ে বড় লাফ কুয়েটের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবার সবচেয়ে বেশি এগিয়েছে। এশিয়ায় ৪৪ ধাপ উঠে তারা যৌথ ৩৭০তম হয়েছে। গতবার দেশে একাদশ থাকা বিশ্ববিদ্যালয়টি এবার নবম স্থানে উঠে শীর্ষ দশে ঢুকেছে। তাদের স্কোর বেড়েছে ৪.৮ পয়েন্ট, যা শীর্ষ দশের মধ্যে সর্বোচ্চ। গবেষণাপত্রপ্রতি সাইটেশনে কুয়েটের স্কোর ৬৩.৭ থেকে বেড়ে হয়েছে ৭২.২।
অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গতবার দেশে দশম ছিল। এবার যৌথ ৩৮৫তম থেকে ৩০ ধাপ নেমে যৌথ ৪১৫তম হওয়ায় তারা শীর্ষ দশ থেকে ছিটকে গেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫ ধাপ এগিয়ে ২১৬তম হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি আগের মতো ১৪৯তম অবস্থানেই আছে, তবে তাদের স্কোর বেড়েছে ৩.৩ পয়েন্ট।
পিছিয়েছে পুরোনো সরকারি বিশ্ববিদ্যালয়গুলো
রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৭ ধাপ নেমেছে, যা শীর্ষ দশের মধ্যে সবচেয়ে বড় পতন। তাদের স্কোর বেড়েছে মাত্র ০.২ পয়েন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেমেছে ২৫ ধাপ, শাবিপ্রবি ১৫ ধাপ আর বুয়েট ১৪ ধাপ।
কোন সূচকে কে এগিয়ে
একাডেমিক সুনামে ঢাকা বিশ্ববিদ্যালয় ৭৭.৩ পেয়েছে, যা দেশে সর্বোচ্চ। গবেষণাপত্রপ্রতি সাইটেশনে নর্থ সাউথ ইউনিভার্সিটি এগিয়ে, স্কোর ৯৭.৩। শিক্ষকপ্রতি গবেষণাপত্রে বুয়েটের স্কোর ৫৩.৪ থেকে বেড়ে ৬৩ হয়েছে। নিয়োগকর্তাদের কাছে সুনাম সূচকে ড্যাফোডিলের স্কোর ৫৭.৫। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮১.৯।
শীর্ষ দশের পরে যারা
দেশের তালিকায় একাদশ স্থানে আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (যৌথ ৪০৭)। এরপর আছে চুয়েট (যৌথ ৪১৫), খুলনা বিশ্ববিদ্যালয় (যৌথ ৪৪৫) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (যৌথ ৪৫২)।
যেভাবে মূল্যায়ন
কিউএস চারটি বিষয়ের ভিত্তিতে এশিয়ার দেড় হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে: গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার অভিজ্ঞতা, বৈশ্বিক সম্পৃক্ততা এবং কর্মসংস্থানযোগ্যতা। পূর্ণ তালিকা দেখা যাবে কিউএসের ওয়েবসাইটে।